হাইপারসনিক প্রযুক্তিতে সফল ভারত
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষায় সফল হয়েছে ভারত। সোমবার দেশটিতে শব্দের চেয়ে প্রায় ছয় গুণ দ্রুতগতির চালকহীন আকাশযান হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলের (এইচএসটিডিভি) পরীক্ষা চালানো হয়।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ১১টা ৩ মিনিটে উড়িষ্যা উপকূলে চালকহীন আকাশযানটির পরীক্ষা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।
স্ক্র্যামজেট ইঞ্জিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ছয় গুণ গতিবেগে (প্রতি সেকেন্ডে প্রায় দুই কিলোমিটার গতিতে) ২২ থেকে ২৪ সেকেন্ডের জন্য উৎক্ষেপণ করা হয়। একটি অগ্নি ক্ষেপণাস্ত্রকে এটি ভূমি থেকে প্রায় ৩০ কিলোমিটার উঁচুতে নিয়ে যায়।
ডিআরডিও প্রধান ড. সতেশ রেড্ডি বলেন, ‘এটি ভারতের একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি। এই পরীক্ষা আরও অনেক বেশি জটিল প্রযুক্তি, উপাদান ও হাইপারসনিক যানবাহন উন্নয়নের রাস্তা খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে ভারত সেই সব নির্দিষ্ট কয়েকটি দেশের ক্লাবে ঢুকে পড়ল, যাদের এই প্রযুক্তি আছে।’
ডিআরডিও বিজ্ঞানীরা জানিয়েছেন, হাইপারসনিক প্রযুক্তির উন্নয়নের পরবর্তী ধাপটি হবে দূরপাল্লার হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা। আগামী পাঁচ থেকে ছয় বছরে এটি সম্ভব হবে বলে জানান তারা।